
ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘যুবশক্তি দেশনির্মাণের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণদল গাইবান্ধা জেলা কমিটির সহ-সভাপতি মোঃ আছাদুজ্জামান (জামাল)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তরুণদলের সভাপতি মোঃ রাসেল মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাসেল মিয়া বলেন, তারুণ্যের শক্তিই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে তরুণদল আগামী দিনে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে রাজপথে ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তরুণদলের সিনিয়র সহ-সভাপতি ময়নুল ইসলাম (নয়ন) ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিদুল হক। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মোঃ রাশেদ আহম্মেদ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা তরুণদলের সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল রহমান মুরাদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তরুণদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধায় সফলভাবে উদযাপিত হয়েছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের নিয়ে জেলা কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
আলোচনা সভায় গাইবান্ধা জেলা ও বিভিন্ন উপজেলা থেকে তরুণদলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 
























