
গাইবান্ধায় তেল, সার ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের গানাস মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববাজারে তেলের দাম কম থাকা অবস্থায় দেশে রাতের বেলা তেলের দাম বাড়ানোর বিষয়ে জ্বালানি মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা দাবি করা প্রয়োজন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর দেশে ফেরার সঙ্গে সঙ্গে তেল, সার ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, তাদের দাবি বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সিপিবি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, মিহির ঘোষ, রেবতি বর্মন, গোলাম রব্বানী মুসা, সাদেকুল ইসলামসহ দলের স্থানীয় নেতারা।
পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 























