
গাইবান্ধায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গুরুমাতা মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রানা ওরফে রানী হিজড়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী উন্নয়ন সংস্থা, গাইবান্ধা জেলার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক সদস্য অংশ নেন। তারা ব্যানার-ফেস্টুন নিয়ে সড়কে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করেন, রানা ওরফে রানী হিজড়া মৌ হিজড়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে হয়রানিমূলক ও ভিত্তিহীন মামলা করেছেন। একই সঙ্গে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা।
মৌ হিজড়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অভিযোগ তদন্ত করে রানা ওরফে রানীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
পরে বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গানাসাসে সমাবেশ করেন। তবে এসব অভিযোগের বিষয়ে রানা ওরফে রানী হিজড়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 























