
গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জাতীয় কমিটির নেতাকর্মীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগের প্রি-পেইড মিটার বাতিল করে ডিজিটাল মিটার পুনঃস্থাপন, কথিত ভুতুড়ে বিদ্যুৎ বিলের বিরুদ্ধে ব্যবস্থা, অব্যাহত লোডশেডিং বন্ধ, বিদ্যুৎ উৎপাদন ও বিপণনে অনিয়ম বন্ধ এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাস্টারপাড়া হয়ে বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিদ্যুৎ অফিসের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হলে বিক্ষোভকারীরা ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে সেখানে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত ডিজিটাল মিটার বাতিল, কথিত ভুতুড়ে বিদ্যুৎ বিলের বিষয়ে ব্যবস্থা গ্রহণ এবং লোডশেডিং বন্ধের দাবি জানান। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগের অসাধু ব্যক্তি ও দালালদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ারও দাবি করেন তারা।
মানববন্ধনে আনাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মাসুদ রহমান মাসুদ, মোঃ হাসানুর রহমান, আব্দুর রহিম, খলিলুর রহমান, মোছাঃ বুলবুলি বেগম, আব্দুল হালিম ও মাহবুবুর রহমানসহ অন্যরা।
উল্লেখ্য, কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এসব দাবি জানান।
মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি 





















