
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি এবং ভারতে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক দেশের তরুণ প্রজন্মের প্রতি এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার ভাষ্যমতে, যারা দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করেন, তাদের এই আন্দোলনে শামিল হওয়া জরুরি।
এর আগে গান্ধীজয়ন্তীর দিন মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত বিশাল সমাবেশে দলটির সমর্থকরা জড়ো হয়েছিলেন। ভোটার তালিকা সংশোধনের নামে গণহারে নাম বাদ দেওয়ার মতো অনিয়মের প্রতিবাদে তারা সোচ্চার হন। ওই সমাবেশ থেকেই অভিজিৎ দীপক ‘দিল্লি চলো’ কর্মসূচির ঘোষণা দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সিইসি পদত্যাগ না করলে সারা দেশের ককরোচ-বাহিনী মিছিল নিয়ে দিল্লি অভিমুখে যাত্রা করবে। দিল্লি পুলিশ যেখানে তাদের বাধা দেবে, সেই স্থানটিই যন্তর মন্তরে পরিণত হবে বলে তিনি মন্তব্য করেন। দিল্লি পুলিশ যদি আমাদের আটকানোর চেষ্টা করে, যেখানে আটকাবে, সেটাই আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’।
এদিকে, গত শুক্রবার নয়াদিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা ও রাঁচিসহ ভারতের বিভিন্ন শহরে বিরোধী দল, ছাত্র সংগঠন এবং সাধারণ নাগরিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লি মেট্রোর অন্তত ১১টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। তবুও হাজার হাজার মানুষ জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেয়।
বিক্ষোভের ঘটনায় আম আদমি পার্টির নেতা আতিশী, সৌরভ ভরদ্বাজ ও সঞ্জয় সিং, সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত এবং আরজেডি সাংসদ মনোজ ঝাসহ অন্তত ১,১০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। মূলত ভোটার তালিকা সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে দেশজুড়ে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্র: আনন্দবাজার অনলাইন/দ্য হিন্দু।
প্রতিনিধির নাম 

























