
রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের বরিসোগলেবস্ক সামরিক বিমানঘাঁটিতে রাতভর সফল অভিযান চালানোর দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনীয় বাহিনীর এই হামলায় রাশিয়ার ছয়টি এসইউ-৩৪এম বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে চারটি বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। রুশ বাহিনী এসব বিমান ব্যবহার করে ইউক্রেনের সাধারণ মানুষের ওপর নিয়মিত হামলা চালাত এবং সেগুলোতে আকাশ থেকে নিক্ষেপযোগ্য বোমা সজ্জিত ছিল।
ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, এই অভিযানে তাদের নিজস্ব নেপচুন উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। দেশটির জেনারেল স্টাফের তথ্যমতে, হামলার পর বিমানঘাঁটির ভেতরে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই সামরিক ঘাঁটিটি বর্তমানে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসারির অবস্থান থেকে প্রায় ৩৭০ কিলোমিটার বা ২৩০ মাইল দূরে অবস্থিত।
ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ হামলার সময় বেশ কয়েক দফায় ড্রোন হামলার সতর্কতা জারি করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া স্থানীয়দের ধারণকৃত বিভিন্ন ভিডিও ফুটেজে বিমানঘাঁটির ভেতরে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে। প্রেসিডেন্ট জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করায় ইউক্রেনের পক্ষ থেকে এমন দূরপাল্লার হামলা আগামীতে অব্যাহত থাকবে।
প্রতিনিধির নাম 
























