
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দ্বিপক্ষীয় উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন। কোনো ফরাসি রাষ্ট্রপ্রধানের কাতারে প্রথম রাষ্ট্রীয় সফরকে ঘিরে দোহার লুসাইল প্রাসাদে এই গুরুত্বপূর্ণ আয়োজনটি সম্পন্ন হয়। সফরটিকে স্মরণীয় করতে এবং দুই দেশের কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে এই বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে। মঙ্গলবার আয়োজিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বৈঠকের শুরুতে ফরাসি প্রেসিডেন্ট ও তার উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান কাতারের আমির। তিনি বলেন, দুই বন্ধুপ্রতিম দেশের ঐতিহাসিক সম্পর্ক ও কৌশলগত বন্ধন নতুন উচ্চতায় উন্নীত করতে কাতার আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে লুসাইল প্রাসাদে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ঐতিহ্যবাহী কাতারি ‘আরদা’ নৃত্য পরিবেশন, অশ্বারোহী ও উটের গার্ড অব অনার প্রদান এবং উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। তিনি আশা প্রকাশ করেন, এই সফর দুই দেশের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে।
দুই শীর্ষ নেতা আলোচনা সভায় নিরাপত্তা, প্রতিরক্ষা, অর্থনীতি এবং যৌথ বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও সুদূরপ্রসারী করার ওপর জোর দেন। এ সময় আঞ্চলিক নিরাপত্তা এবং সমসাময়িক বৈশ্বিক ইস্যুতেও দুই দেশ খোলামেলা মতবিনিময় করে। ফরাসি প্রেসিডেন্ট কাতারের পক্ষ থেকে পাওয়া আন্তরিক আতিথেয়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক সমসাময়িক বিষয়ে পারস্পরিক মতামত বিনিময় করেন তাঁরা।
আলোচনা সভায় কাতারের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি, উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুর রহমান আল থানি এবং আমিরি দেওয়ানের প্রধান আবদুল্লাহ বিন মোহাম্মদ আল খেলাইফিসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। অন্যদিকে ফরাসি প্রতিনিধিদলে ছিলেন দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রী ক্যাথরিন ভোত্রা, ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী জাঁ-নোয়েল বারোট এবং ঊর্ধ্বতন প্রতিরক্ষা ও কূটনৈতিক কর্মকর্তারা।
প্রতিনিধির নাম 

























