
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : ঝিনাইদহ চাঞ্চল্যকর ইউপি সদস্য রিপন হত্যা মামলার প্রধান পলাতক আসামীকে আটক করে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প। মামলা সুত্রে জানা যায়,গত ১৬ অক্টোবর ২০২৩ইং ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন ১১ নং আবাইপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব হাবিবুর রহমান রিপন(৪৩)কে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে একই এলাকার সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। গত ১৬ অক্টোবর আনুমানিক রাতে ভিকটিম হাবিবুর রহমানসহ আরও ১০/১২ জন ৪/৫ টি মোটর সাইকেল যোগে শৈলকুপা থানা হইতে নিজ বাড়ি মিনগ্রামের উদ্দেশ্যে রওনা করেন।পথিমধ্যে আবাইপুর ওয়াপদা এর পূর্ব পার্শ্বে মৃত তারা মুন্সির কলা বাগানের নিকট পৌছালে পূর্ব থেকে ওত পেতে থাকা আসামী কবির বিশ্বাস(৩৪) সহ ৩০/৪০ জন ব্যক্তি ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কলা বাগানের ভিতর অপেক্ষা করতে থাকে।ভিকটিম উক্ত এলাকার মেইন রোড দিয়ে মোটর সাইকেল যোগে অতিক্রম কালে কবির বিশ্বাসসহ অন্যান্য লোকজন তদের গতিরোধ করে এবং নিজেদের কাছে থাকা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে আসামী মোঃ কবির বিশ্বাস মাথায় আঘাত করে। পরবর্তীতে, অন্যান্য আসামীগন ভিকটিমের বুকে, হাতে, পায়ে এবং পিঠে আঘাত করতে থাকে ।একপর্যায়ে ভিকটিম মাটিতে লুটিয়ে পরলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে ভিকটিম এর বড় ভাই গত ১৬ অক্টোবর ২০২৩ ইং ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প জানায়,একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং উক্ত হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতারে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ মে ২০২৪ তারিখ র্যাব-৬, ঝিনাইদহ একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার প্রধান পলাতক আসামী- মোঃ কবির বিশ্বাস রাজবাড়ী জেলার সদর থানার সাংড়াইল গ্রামস্থ এলাকায় গোপনীয়ভাবে অবস্থান করছে।। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যাব-৬ এর আভিযানিক দলটি রাজবাড়ী জেলার সদর থানা এলাকার সাংড়াইল গ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার প্রধান পলাতক আসামী- মোঃ কবির বিশ্বাস (৩৪), থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।