1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
এশিয়ান আরচ্যারিতে দু’টি পদক হাতছাড়া বাংলাদেশের - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

এশিয়ান আরচ্যারিতে দু’টি পদক হাতছাড়া বাংলাদেশের

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৮ বার

এশিয়ান আরচ্যারি স্টেজ-২ টুর্নামেন্ট সিঙ্গাপুরে চলছে। আজ রিকার্ভ ও কম্পাউন্ড দলীয় ইভেন্টের খেলা হয়েছে। বাংলাদেশ কম্পাউন্ড মহিলা ও রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জ লড়াইয়ে হেরে গেছে। ফলে দুই ইভেন্টে দু’টি পদক হাতছাড়া হয়েছে বাংলাদেশের। 

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে বাংলাদেশ দলে খেলেছেন বন্যা আক্তার, পুষ্পিতা জামান ও কুলসুম আক্তার। ব্রোঞ্জের লড়াইয়ে তারা কাজাখস্তানের কাছে ২৩০-২২৪ পয়েন্টে হারেন। কম্পাউন্ড দলীয় ইভেন্টে চার সেটের খেলায় বাংলাদেশ প্রথম তিন সেটে সাত পয়েন্ট পিছিয়ে পড়ে। চতুর্থ ও শেষ সেটে বাংলাদেশ এক পয়েন্টে ( ৫৯-৫৮) জিতলেও চার সেট মিলিয়ে ৬ পয়েন্ট এগিয়ে থাকায় কাজাখস্তান ব্রোঞ্জ পদক পায়।

কম্পাউন্ড নারী দলগত ইভেন্টে বাংলাদেশ সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষ হেরেছে মাত্র ৩ পয়েন্টের ব্যবধানে। ব্রোঞ্জের লড়াইয়ের মতো সেমিফাইনালেও বাংলাদেশ প্রথম তিন সেটেই হেরেছিল। চতুর্থ সেট জিতলেও আর ম্যাচ জয় সম্ভব হয়নি।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ ব্রোঞ্জ হারিয়েছে চাইনিজ তাইপের কাছে। ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশ প্রথম সেট ৫২-৫৬ পয়েন্টে হারে। দ্বিতীয় সেট ৫৩-৫৩ পয়েন্টে ড্র হয়। তৃতীয় সেট বাংলাদেশ ৫৬-৫৩ পয়েন্টে জিতলে দুই দলের সমান ৩-৩ সেট পয়েন্ট হয়। রিকার্ভ দলীয় ইভেন্ট চার সেটের খেলা। শেষ সেটটি তাই পদক নির্ধারণী হয়। শেষ সেটে বাংলাদেশের তিন রিকার্ভ আরচ্যার আলিফ, রাকিব ও রাম কৃষ্ণ ৬০ এর মধ্যে মাত্র ৫২ স্কোর করেন। সেখানে চাইনিজ তাইপের আরচ্যাররা ৫৬ স্কোর করে সেট জেতার পাশাপাশি ব্রোঞ্জও জেতেন। সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। চার সেটের খেলা শেষ হয়েছে এক সেট আগেই। ভারত দুই সেট জয় ও এক সেট ড্র করে ৫-১ সেট পয়েন্টে ফাইনালে উঠে।

আজকের দিনের সবচেয়ে বড় হতাশার জন্ম দিয়েছেন কম্পাউন্ড পুরুষ দলগত আরচ্যাররা। ইলিমিনেশন রাউন্ডের প্রথমেই তারা বিদায় নিয়েছেন। ভুটানের আরচ্যারদের বিপক্ষে ২২২-২১৮ পয়েন্টে হারে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে বাংলাদেশ দলে ছিলেন হিমু বাছাড়, রাকিব নাওয়াজ আহমেদ ও সোহেল রানা।

সিঙ্গাপুরে এশিয়া কাপ আরচ্যারির বাংলাদেশ কন্টিনজেন্টে মাত্র একজন নারী রিকার্ভ আরচ্যার রয়েছেন। তিন জন নারী রিকার্ভ আরচ্যার না থাকায় বাংলাদেশ রিকার্ভ মহিলা দলগত বিভাগে খেলতে পারেনি। আগামীকাল বাংলাদেশ রিকার্ভ ও কম্পাউন্ডে মিশ্র বিভাগে খেলবে। পরশু রিকার্ভে ব্যক্তিগত ইভেন্টে আলিফ স্বর্ণ ও কম্পাউন্ডে হিমু বাছাড় ব্রোঞ্জের জন্য খেলবেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com