
বগুড়ার চারমাথা এলাকার ‘পাঁচ ভাই’ আবাসিক হোটেল থেকে মিরাজ নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় তৃতীয় লিঙ্গের রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে উপশহর ফাঁড়ির পুলিশ হোটেলটির একটি কক্ষ থেকে শেরপুর উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সবুজ আহমেদ মিরাজের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নওগাঁর মান্দা উপজেলার রবিউল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, নওগাঁর মান্দা উপজেলার রবিউলের সঙ্গে মিরাজের পরিচয় ও সম্পর্ক ছিল। পরিবারের দাবি, বিভিন্ন সময় মিরাজকে ব্ল্যাকমেইল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হতো। ঘটনার পর হোটেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধারের ঘটনায় পরিকল্পিত হত্যার সন্দেহ করছেন স্বজনরা।
তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—এ বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।