
ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহু (২৩) নামে এক নারীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
গতকাল রোববার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়, ফরিদপুরের একটি দল কোতোয়ালি থানাধীন ২ নম্বর কুঠিবাড়ি এলাকার অভিযান পরিচালনা করে।
অভিযান কালে মেহেরুন্নেসা বৃষ্টি ওরফে মেহুকে তার নিজ দখলীয় বসতবাড়ির সামনের গলি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মেথামফেটামিন
যুক্ত ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেফতার মেহেরুন্নেসা বৃষ্টিকে ফরিদপুর জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সোপর্দ করা হয়। আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ডিএনসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।