
ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে স্পোর্টস ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বড় তারকা এই ফুটবলার সর্বোচ্চ ছয় ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। ইএসপিএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী বুধবার এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।
ঘটনার সূত্রপাত গত শনিবার অনুষ্ঠিত লিগের ম্যাচে, যেখানে সান্তোস ১-০ গোলে বাহিয়াকে পরাজিত করে। সেই ম্যাচে প্রতিপক্ষ মিডফিল্ডার রদ্রিগো নেস্টরের সঙ্গে বাদানুবাদের সময় মুখে হাত ঢেকে কথা বলার দায়ে নেইমার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন।
প্রতিপক্ষ ক্লাব বাহিয়ার দাবি, নেইমার নেস্টরকে মৌখিকভাবে লাঞ্ছিত করেছেন। ম্যাচ শেষে নেস্টর সাংবাদিকদের জানান, নেইমার তাকে অত্যন্ত অবমাননাকর ভাষায় আক্রমণ করেছেন, যা বাহিয়া ক্লাবের সম্মানের হানি ঘটিয়েছে।
অন্যদিকে, ৩৪ বছর বয়সী নেইমার নিজের আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, মুখ ঢাকার বিষয়টি তার ভুল ছিল, তবে নেস্টরকে কোনো কটূক্তি করার অভিযোগ তিনি পুরোপুরি নাকচ করে দিয়েছেন। বরং নেইমার উল্টো নেস্টরের বিরুদ্ধে মাঠের মধ্যে সবচেয়ে নোংরা ও কূটকৌশল অবলম্বন করার অভিযোগ তুলেছেন।
সান্তোসের জন্য এই বিষয়টি অত্যন্ত সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ সর্বোচ্চ শাস্তি বহাল থাকলে মৌসুমের শেষ দিকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দলের সেরা তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে তাদের। গত মৌসুমে অবনমন থেকে বেঁচে যাওয়া দলটি বর্তমানে পয়েন্ট তালিকার অষ্টম অবস্থানে রয়েছে।
প্রতিনিধির নাম 























