
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে দুই দিনব্যাপী পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
২৬ ও ২৭ অক্টোবর ঠাকুরগাঁওয়ে মানব কল্যাণ পরিষদের ‘অ্যালায়েন্স ফর ফেয়ার ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (আফেড-এএফইডি)-এর উদ্যোগে আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে পাঁচটি এনজিও ৫২ জন নির্বাচনি পর্যবেক্ষক অংশ নেন।
প্রশিক্ষণে ইউরোপীয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) প্রজেক্ট ডিরেক্টর অ্যানাস্তাসিয়া এস উইবাওয়া ও প্রজেক্ট ম্যানেজার রুয়াকসানা হক অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ ছাড়া বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আসাদুল হক ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্বাচনি আইন, পর্যবেক্ষকদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। তিনি সুষ্ঠু নির্বাচন আয়োজনে পর্যবেক্ষকদের ভূমিকা এবং ভোটকেন্দ্রে তাদের করণীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণে নির্বাচনি পর্যবেক্ষকদের আচরণবিধি, নির্বাচনি পরিবেশ এবং তথ্য নথিবদ্ধ করার পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত ৫২ জন পর্যবেক্ষক আসন্ন উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রে পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন।
সংস্থাটি জানায়, ভ্রাম্যমাণ পর্যবেক্ষণের মাধ্যমে নির্দিষ্ট স্থান ও সময়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে; তবে এতে প্রতিটি ভোটকেন্দ্র সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় থাকবে না। ভোটগ্রহণ শেষে পর্যবেক্ষকদের প্রতিবেদন যাচাই-বাছাই করে প্রাথমিক মূল্যায়ন প্রকাশ করা হবে।
আর এই সব পর্যবেক্ষণের বিষয় সকল প্রতিবেদন সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী ৩১ অক্টোবর জানাবেন সংস্থাটির সদস্য সচিব ও লাইট হাউজের নির্বাহী প্রধান হারুন অর রশিদ।
উল্লেখ্য, এএফইডির নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমে সহায়তা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি)।
জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও প্রতিনিধি 






















