
কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি ভিজিএফ চাউলের কার্ড নিয়ে বিরোধের জেরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে মাত্র ৫ ঘণ্টার মধ্যে একজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্প।
গত ২ জুলাই রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে দৌলতপুর উপজেলার মথুরাপুর স্কুলবাজার এলাকায় ভিজিএফ চাউলের কার্ড নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আব্দুল আজিজ (৩৫), পিতা- খেলাফত উদ্দিন, সাং- মথুরাপুর মিয়াপাড়া, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পরই র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযানে নামে। অভিযানে মথুরাপুর গ্রামের মোঃ মাহাবুল মাস্টার (৫২), পিতা- মৃত মৌওলা বক্স কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, অপরাধীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত থাকবে।