
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন মঞ্জুরুল হোসেন (৪২) ও তার ভাতিজা আদম আলী (২৫)। এ ঘটনায় মঞ্জুরুল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে শাজাহানপুরের খরনা ইউনিয়নের লটাগাড়ী পূর্বপাড়ার বাসিন্দা মঞ্জুরুল হোসেন তার প্রতিবেশী মামুন (৫০), শফিকুল ইসলাম (৩০) ও মামুনের স্ত্রী রেশমা খাতুনকে মাদক ব্যবসা বন্ধ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা মঞ্জুরুলকে মারধর করে আহত করে। একই দিন সকাল ১০টার দিকে অভিযুক্তরা আবারও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মঞ্জুরুলের বাড়িতে হামলা চালায়। এসময় তারা আদম আলীকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করলে রামদার আঘাতে তার হাত ও কোমরে গুরুতর জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে। বর্তমানে আদম আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীরা মঞ্জুরুল ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।