
গাইবান্ধায় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম (১৫) নামের এক কিশোর জুলাই যোদ্ধা মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নিজ বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনারুল ইসলাম সদর উপজেলার ৮ নম্বর বোয়ালী ইউনিয়নের শাহেদ আলীর ছেলে। তিনি জুলাই যোদ্ধা সংগঠনের ‘সি’ ক্যাটাগরির সক্রিয় সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির বৈদ্যুতিক বোর্ডে ত্রুটি দেখা দিলে আনারুল নিজে মেরামতের চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত শর্ট সার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় বাসিন্দা হোসেন মিয়া বলেন, “বাড়ির কারেন্টের কাজ করতে গিয়েই দুর্ঘটনাটা ঘটে। ছেলেটা খুব ভদ্র ও পরিশ্রমী ছিল। তার মৃত্যু আমাদের সকলকে শোকাহত করেছে।”
নিহতের বাবা শাহেদ আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে হারিয়ে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা।”
জুলাই যোদ্ধা জেলা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, “আমরা একজন নিবেদিতপ্রাণ তরুণ সদস্যকে হারালাম। আনারুল সংগঠনের জন্য অত্যন্ত পরিশ্রমী ও অনুপ্রেরণাদায়ক ছিল। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।”
পরিবার সূত্রে জানা গেছে, নিহত আনারুল ইসলামের জানাজা মঙ্গলবার সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।