
সুদানের আবেই এলাকায় জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী সদস্য শহীদ হন। তাদের মধ্যে শহীদ সেনা সদস্য মো. সবুজ (২৮)-এর মরদেহ নিজ জেলা গাইবান্ধায় পৌঁছেছে।
শহীদ সবুজ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের ছোট ভগবানপুর (পূর্ব পাড়া) গ্রামের বাসিন্দা। রোববার (২১ ডিসেম্বর) বেলা ১০টার দিকে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদ শান্তিরক্ষীদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হেলিকপ্টারের মাধ্যমে দুপুরে শহীদ সবুজের মরদেহ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়।
গ্রামে পৌঁছালে সামরিক মর্যাদায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এ সময় পরিবার-পরিজন, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে শোক আর কান্নায়।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে শহীদ শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মরদেহ গ্রহণকালে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় সামরিক বাহিনীর সদস্যরা শহীদদের প্রতি গার্ড অব অনার প্রদান করেন।
শান্তিরক্ষী মিশনে দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদ সবুজের আত্মত্যাগে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার এই আত্মত্যাগ দেশবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।