
আজ ১১ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১টা ৩০ মিনিটে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে র্যাব-১৩, রংপুর আয়োজিত বিশেষ মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া সার্বিক নিরাপত্তা প্রস্তুতির বিস্তারিত তুলে ধরা হয় এ ব্রিফিংয়ে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনের মধ্যে র্যাব-১৩ এর দায়িত্বাধীন ৩২টি আসনে রয়েছে মোট ৪ হাজার ৬২০টি ভোটকেন্দ্র। এসব কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে বিস্তৃত কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে র্যাব-১৩।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মাঠে থাকবে ৬৪টি টহল দল, দুটি স্ট্রাইকিং রিজার্ভ টিম, একটি বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে দায়িত্বপ্রাপ্ত র্যাব সদস্যরা। কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে মাঠ পর্যায়ে উপস্থিত থেকে টহল ও স্ট্রাইকিং টিমের কার্যক্রম তদারকি করবেন। যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় মোবাইল ও স্ট্রাইকিং টিম থাকবে প্রস্তুত।
এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গড়ে তোলা হয়েছে সমন্বিত নিরাপত্তা বলয়। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। সম্ভাব্য নাশকতা ঠেকাতে প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
র্যাব-১৩ এর অত্যাধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল ও স্ট্রাইকিং টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হবে। একই সঙ্গে মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও অপতথ্য প্রতিরোধে সক্রিয় থাকবে।
আধুনিক প্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা তথ্যের সমন্বয়ে নির্বাচনী পরিবেশ শান্ত ও নির্বিঘ্ন রাখতে কাজ করবে র্যাব-১৩। “সুরক্ষা” অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করেও সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
র্যাব-১৩ জানিয়েছে, জনগণ যেন অবাধ, নির্ভয়ে ও স্বচ্ছ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাদের প্রধান লক্ষ্য। কোনো দুষ্কৃতকারী যাতে ভোটের পরিবেশ বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে র্যাব-১৩, রংপুর।
মিডিয়া ব্রিফিংয়ে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।