
গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬। এ উপলক্ষে শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র, গাইবান্ধার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মঈনুল ইসলাম সাদিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম কল্যাণ কেন্দ্র, রংপুরের সভাপতি মোঃ আব্দুল লতিফ সরকার এবং শ্রমিক কর্মচারী ফেডারেশন গাইবান্ধার সভাপতি মোঃ আশরাফুল আলম বাদশা।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা জোরদার করা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সময়ের দাবি। তারা কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা সরঞ্জামের ব্যবহার এবং নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণে বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তারেক রহমানের একটি ভিডিও প্রদর্শন করা হয়।
শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিরাপদ, মানবিক ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।