
গাইবান্ধায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করে জেলা তথ্য অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা সফল করতে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা জরুরি। জেলা তথ্য অফিসের কার্যক্রম উন্নয়ন বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
ব্রিফিংয়ে সরকারের নির্বাচনি ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে স্মার্ট বাংলাদেশ গঠন, আধুনিক কৃষি ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণে নেওয়া পদক্ষেপগুলো গণমাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা তথ্য অফিস নিয়মিত উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শনী ও প্রচারপত্র বিতরণের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে কাজ করে যাচ্ছে।