
গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ২০২৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর সহপাঠীদের মিলনমেলায় স্মৃতিচারণ, মতবিনিময় ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শিল্প ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন দিপু।
তিনি বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা অর্জনের পাশাপাশি একজন শিক্ষার্থীকে নৈতিকতা, নেতৃত্ব ও দেশপ্রেমের চর্চা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহীদ জিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ও উপজেলা জিয়া পরিষদের সভাপতি ডা. শাহারুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের দক্ষ, সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি তাঁর বক্তব্যে প্রধান অতিথি মোঃ সানোয়ার হোসেন দিপুকে একজন ক্লিন ইমেজের সমাজসেবী ও জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাঁর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, মোকাররম হোসেন রানা। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. রাকিবুল ইসলাম রাকিব, সহকারী শিক্ষক নুপুর রানীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসমিন জামান। তিনি শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও ইতিবাচক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদান রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি মোঃ সানোয়ার হোসেন দিপু। এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।