
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের স্বর্ণ, একটি ব্যক্তিগত গাড়ি, মোবাইল ফোন ও নগদ অর্থসহ দুই ব্যক্তিকে আ’টক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ২০ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের একটি স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঐ অভিযানে সন্দেহভাজন একটি ব্যক্তিগত গাড়ি থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির ভেতর থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকার বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় স্বর্ণ পরিবহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ব্যক্তিগত গাড়ি, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত গাড়ির আনুমানিক মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনগুলোর মূল্য প্রায় ৩৬ হাজার টাকা বলে জানা গেছে।
পরবর্তীতে স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা করে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণ, গাড়ি, মোবাইল ফোন ও নগদ অর্থ মিলিয়ে জ*ব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর জেলার মো. আনিস (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, রাজধানী ঢাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে বিদেশে পাচারের উদ্দেশ্যে তা বহন করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারসহ অন্যান্য আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।