
কুষ্টিয়ার দৌলতপুরে দেশের বরেণ্য রাজনীতিবিদদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল।
বিক্ষোভ মিছিলটি উপজেলা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা উপস্থিত থেকে নানা প্রতিবাদী স্লোগান দেন।
সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, রাজপথের রাজনৈতিক শিষ্টাচার বজায় না রেখে বরেণ্য নেতাদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের পুনরাবৃত্তি হলে রাজপথেই কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন নেতারা।
সমাবেশে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।