
ভারতের বিপক্ষে প্রস্তাবিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সিরিজটি সম্পন্ন করতে উভয় বোর্ডই অত্যন্ত আন্তরিক। একটি ক্রীড়া বিষয়ক প্ল্যাটফর্মের সঙ্গে আলাপকালে তিনি জানান, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য একটি উপযুক্ত সময় বের করার চেষ্টা চলছে।
তামিম ইকবাল বলেন, সিরিজটির তারিখ নির্ধারণের বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে। তবে বাংলাদেশ ও ভারত উভয় দলেরই আন্তর্জাতিক সূচি বেশ ব্যস্ত। বিশেষ করে বাংলাদেশের সামনে তিনটি সিরিজ রয়েছে এবং বিসিসিআই-ও তাদের নিজস্ব ম্যাচ নিয়ে ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মাঝেও সিরিজটি আয়োজন করা সম্ভব কি না, তা নিয়ে নিয়মিত আলোচনা চলছে।
বিসিবি সভাপতি আরও বলেন, কিছু বিষয় বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে থাকলেও আলোচনার প্রক্রিয়াটি ইতিবাচক। তিনি বলেন, ‘বিসিবি সভাপতি হিসেবে আমি কখনোই সীমানা অতিক্রম করতে চাই না। তবে আমাদের উদ্দেশ্য খুবই ইতিবাচক এবং আমরা নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছি। যদি উদ্দেশ্য নেতিবাচক হতো, তবে আমি আপনাদের এসব বলতাম না। আমরা সিরিজটি নিয়ে আশাবাদী।’