
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দিনের কার্যক্রম শুরু করেন।
শ্রদ্ধা নিবেদনের পর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। এর অংশ হিসেবে তিনি জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করেন এবং উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শনকে ধারণ করে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর জোর দেন। এছাড়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।