
আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাজনৈতিক সমঝোতা ও গণ-আন্দোলনের মূল অঙ্গীকার অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিচারপতি এ বি এম খায়রুল হকের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রায় প্রসঙ্গে মন্ত্রী জানান, সর্বোচ্চ আদালত রায়টি বাতিল করেছে এবং আইনগতভাবে বিষয়টি পুনরায় বহাল করা হয়েছে। তিনি আরও জানান, এখন আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও প্রতিস্থাপন করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার যে গুঞ্জন ছড়িয়েছে, সে বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। পলাতক কোনো অপরাধী কিংবা অপশক্তিকে দেশে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না বলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত পেতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমরাও শুনছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন এবং সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি শুরু থেকেই এ ধরনের অপচেষ্টা চালিয়ে আসছে। তারা দেশে অস্থিরতা তৈরি করে পরিস্থিতির সুযোগ নিতে চায়।
ফ্যাসিবাদী শক্তি অতীতের ধারাবাহিকতায় এখনো দেশে অস্থিরতা সৃষ্টি করে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন। যারা গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল এবং শত শত নাগরিকের মৃত্যুর জন্য দায়ী, তাদের কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন।
প্রতিনিধির নাম 
























