
গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মাহমুদুন নবী টিটুলের সভাপতিত্বে এবং শহর বিএনপির সভাপতি ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব শহিদুজ্জামান শহিদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ড. মো. শামীম কায়সার লিংকন (এমপি)।
প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা-১, ২, ৩ ও ৫ আসনের সংরক্ষিত সংসদ সদস্য মমতাজ আলো। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
এ ছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, কৃষক দলসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি সুশৃঙ্খল সংগঠন। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে দলীয় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলটির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।