
উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : দলীয় শক্তির পরীক্ষা দিতে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রার্থী দেবে জাতীয় পার্টি। এবার যশোরের ৬টি আসনের বিপরীতে ১০ নেতা দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা গেছে। যশোর-১ (শার্শা) আসনে আখতারুজ্জামান যশোর-২ (ঝিকরগাছা – চৌগাছা) আসনে অধ্যাপক রেজাউল হোসেন ও মুফতি ফিরোজ শাহ, যশোর-৩ (সদর) আসনে মুফতি নুরুল আমিন, সাদেক আহমেদ নিপু ও জাহাঙ্গীর আলম, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে অ্যাডভোকেট জহিরুল ইসলাম, যশোর-৫ (মণিরামপুর) আসনে এম এ হালিম এবং যশোর- ৬ (কেশবপুর) আসনে হাবিবুর রহমান হাবিব ও জি এম হাসান। ২১ নভেম্বর থেকে শুরু হওয়া দলীয় মনোনয়ন বিক্রি এবং জমাদানের সময়সীমা আজ শেষ হচ্ছে। পার্টির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি শরিফুল ইসলাম সরু চৌধুরী জানান, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করেছে। তারই অংশ হিসেবে ৩০০ আসনেই দলীয় প্রার্থী নির্বাচনের কাজও শেষ প্রান্তে। তিনি বলেন, বৃহস্পতিবার (আজ) পর্যন্ত দলীয় মনোনয়ন বিতরণ এবং জমা প্রদান করা যাবে। পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ রাষ্ট্রপতির সাথে দেখা করে নির্বাচন পেছানোর আবেদন করেছেন।