
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদের তিনটি আবাসিক হলে নতুন কমিটি গঠনের একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নামে প্রকাশিত এই বিজ্ঞপ্তিকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার সৃষ্টি হয়। বিভিন্ন ফেসবুক গ্রুপ ও সংগঠনের নেতা-কর্মীদের টাইমলাইনে এই বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসার পর গভীর রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে শাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানের স্বাক্ষর দেখা গেছে। এতে উল্লেখ করা হয়, জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের তিনটি আবাসিক হলের নতুন কমিটি গঠন করা হবে। এই প্রক্রিয়ায় আগ্রহী পদপ্রত্যাশীদের আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় নিজেদের জীবনবৃত্তান্ত পাঠাতে আহ্বান জানানো হয়েছে।
এই অস্থিতিশীল পরিস্থিতি ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের প্রতিবাদে শনিবার রাত সাড়ে ১১টার দিকে শাহপরাণ হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদল। সংগঠনের সভাপতি রাহাত জামানের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শাহপরাণ হলের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সমাবেশে ছাত্রদল নেতারা দাবি করেন, ক্যাম্পাসকে পুনরায় অস্থিতিশীল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি এমন কর্মকাণ্ড পরিচালনা করছে। শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান মোহন স্পষ্ট জানিয়ে দেন, ক্যাম্পাসে ছাত্রদলের উপস্থিতিতে ছাত্রলীগের কোনো ধরনের কার্যক্রম সহ্য করা হবে না। এছাড়া সভাপতি রাহাত জামান এই উদ্যোগকে প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। নিষিদ্ধ সংগঠনের নামে ক্যাম্পাসে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
প্রতিনিধির নাম 

























