
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের এক কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনায় তার শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। নিহত জোনাথন ম্যাককিনসির বয়স হয়েছিল ৪০ বছর। মঙ্গলবার বিবিসি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বের ডাবলিন শহরের একটি পার্কিং এলাকা থেকে শনিবার বিকেলে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ম্যাককিনসির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করছে কর্তৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরে শনিবার বিকেল ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা গুলির বেশ কয়েকটি শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী আসাদ রাজাভি জানান, তিনি একজনকে মাটিতে পড়ে যেতে দেখেন এবং ওই ব্যক্তির মাথা ও বুকে রক্তের দাগ ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, অভিযুক্ত দম্পতি ঘটনার পরপরই ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিলেন। রাজাভির মেয়ে জানান, তার বাবা ওই দম্পতিকে একসঙ্গে হেঁটে যেতে এবং গুলির ঘটনার পরও স্বাভাবিকভাবে সেখান থেকে চলে যেতে দেখেছেন। তিনি সংবাদমাধ্যমটির গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের ইঞ্জিনিয়ারিং পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। তার মাথা ও বুকে রক্ত দেখতে পেয়েছিলেন বলেও জানান তিনি। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা ঝাং ও চেনকে গ্রেপ্তার করেন। ঝাং ও চেনের পক্ষে কোনো আইনজীবী রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গ্রেপ্তারকৃতদের নাম শউইয়ং ঝাং ও শিলি চেন। উভয়েরই বয়স ৭৭ বছর। তাদের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যা ছাড়াও অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার মাধ্যমে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং শিশুর নিরাপত্তা বিপন্ন করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাদের সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে এবং বুধবার আদালতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করার কথা রয়েছে। তবে এ হত্যাকাণ্ডের পেছনের সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটন করতে পারেনি পুলিশ। তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন।
প্রতিনিধির নাম 

























