
মডেলিং ও অভিনয়—এই দুই মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছেন উদীয়মান শিল্পী ফ্লাভিয়া ইসলাম। দীর্ঘ আট বছর ধরে মিডিয়া ও সৃজনশীল কাজের সাথে যুক্ত থেকে নানান প্রতিকূলতা ও অনিশ্চয়তাকে জয় করে এগিয়ে যাচ্ছেন তিনি। ঢাকাভিত্তিক এই শিল্পী শৈশব থেকেই বিতর্ক, নৃত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। বাফা থেকে নাচ শিখেছেন এবং চিত্রকলা ও গ্রাফিক ডিজাইনেও রয়েছে তার বিশেষ আগ্রহ। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা ফ্লাভিয়ার পারিবারিক শিকড় ভারতের সাথে সংযুক্ত।
মিডিয়া ক্যারিয়ারের বিভিন্ন ধাপে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন ফ্লাভিয়া। ২০২২ সালে তিনি ‘মিস ফটোজেনিক’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা পাঁচের মধ্যে নিজের স্থান করে নেন। এরপর ২০২৫ সালে ‘বেস্ট ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড’ অর্জন তার পেশাগত যাত্রায় নতুন উৎসাহ জুগিয়েছে। শুধু মডেলিং নয়, দীপ্ত টিভির ওয়েব সিরিজ ‘দ্য ক্রিমিনালস’-এ অভিনয়ের মাধ্যমে তিনি রূপালি পর্দাতেও নিজের অভিষেক ঘটিয়েছেন। উপস্থাপনা এবং ডিজে পারফরম্যান্সের মতো সৃজনশীল ক্ষেত্রেও তার পদচারণা রয়েছে।
কঠিন সংগ্রামের এই আট বছরের অভিজ্ঞতা সম্পর্কে ফ্লাভিয়া বলেন, প্রতিকূল সময়েও লক্ষ্যচ্যুত না হয়ে ধৈর্য ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই একজন শিল্পী সফলতার শিখরে পৌঁছাতে পারেন। তার দৃঢ় বিশ্বাস, যথাযথ প্রচেষ্টা থাকলে নিজের প্রতিভাকে উপেক্ষা করার সুযোগ কারো নেই। তিনি বলেন, ‘এতটাই পরিশ্রম করো, যেন একদিন কেউ তোমার প্রতিভাকে উপেক্ষা করতে না পারে।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফ্লাভিয়া জানান, তার মূল লক্ষ্য আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং সেখান থেকে জয়ী হয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচিতি তুলে ধরা। একই সাথে আন্তর্জাতিক মডেলিং ও অভিনয়ের জগতে নিয়মিত কাজ করে নিজেকে আরও দক্ষ করে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। দীর্ঘ এই যাত্রাকে তিনি নিছক পরিচিতি লাভের উপায় নয়, বরং নিজের স্বপ্ন বাস্তবায়নের একটি বড় উদ্যোগ হিসেবে দেখছেন।
প্রতিনিধির নাম 

























