
বিশ্বজুড়ে তুর্কি সিরিজের চাহিদা বরাবরই বেশি। বিভিন্ন দেশের টেলিভিশনে অনূদিত তুর্কি ধারাবাহিকগুলোর পাশাপাশি এখন ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও তুর্কি কনটেন্টের জয়জয়কার। সেই ধারায় নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘নট আ স্ট্রেঞ্জার’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মের্ত বায়কাল পরিচালিত এই সিরিজটি মুক্তির প্রথম সপ্তাহেই নন-ইংলিশ ভাষার সিরিজের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে। কেবল প্রথম দুই সপ্তাহেই সিরিজটি ১ কোটি ৪৩ লাখ ভিউ অর্জন করে নিজেদের জনপ্রিয়তার প্রমাণ দিয়েছে।
গল্পের কেন্দ্রবিন্দুতে আছেন চিত্রশিল্পী ফুন্দা, যার চরিত্রে অভিনয় করেছেন এলচিন সাঙ্গু। মা হওয়ার পর সন্তান ও সংসারের চাপে শিল্পীসত্তা বিসর্জন দেওয়া ফুন্দার জীবনের জটিলতা বাড়ে যখন তিনি মেয়ের দেখাশোনা করার জন্য নাজলি নামের এক তরুণীকে আয়া হিসেবে নিয়োগ দেন। মেলিস সেজেন অভিনীত নাজলির আগমন ফুন্দার জীবনে স্বাচ্ছন্দ্য নিয়ে আসার বদলে নিয়ে আসে চরম অস্থিরতা। যখন ফুন্দার স্বামী ইলকার (ওজান দোলুনাই) নাজলিকে দেখে চিনে ফেলেন এবং বেরিয়ে আসে তাদের অতীত সম্পর্কের কথা, তখন থেকেই মূলত গল্পের মোড় ঘুরে যায়। নাজলি কি কেবল পেশাগত প্রয়োজনে এই পরিবারে এসেছেন, নাকি তার নেপথ্যে অন্য কোনো রহস্য আছে—এই টানটান উত্তেজনা নিয়েই এগিয়েছে কাহিনী।
দর্শক ও সমালোচকদের মতে, সিরিজটির সাফল্যের মূল কারিগর এর শক্তিশালী চিত্রনাট্য। আপাতদৃষ্টিতে চেনা সম্পর্কের গল্প মনে হলেও, দাম্পত্য জীবনের বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচল এবং চরিত্রগুলোর মধ্যকার রহস্য দর্শকদের প্রতিটি পর্বে আটকে রাখতে সক্ষম হয়েছে। বিশেষ করে ফুন্দার মানসিক দোদুল্যমানতা এবং রহস্যময় নাজলি চরিত্রের গঠন গল্পটিকে গভীরতা দিয়েছে, যা দর্শকদের পরবর্তী ঘটনার দিকে প্রতিনিয়ত কৌতূহলী করে তোলে।
তবে সিরিজটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম ডিসাইডার এর প্রথম পর্বের বেশ প্রশংসা করেছে, যেখানে ফুন্দার শিল্পীজীবনের আকাঙ্ক্ষা ও দুই নারীর মধ্যকার মনস্তাত্ত্বিক লড়াইকে গল্পের গতিশীল উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিপরীতে, তুরস্কের ইংরেজি দৈনিক ডেইলি সাবাহর পর্যালোচনায় গল্পের কিছু অস্পষ্টতা ও বারবার ঘটনার ব্যাখ্যা দেওয়ার প্রবণতাকে দুর্বলতা হিসেবে দেখা হয়েছে। তাদের মতে, চিত্রনাট্যে চমৎকার সম্ভাবনা থাকা সত্ত্বেও সব ক্ষেত্রে তা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।
প্রতিনিধির নাম 

























