
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. রুহুল আমিন তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ছবিতে তাকে বিদেশি মদের বোতল হাতে দেখা যাচ্ছে বলে দাবি করা হলেও তিনি একে ‘পুরনো ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছেন।
চেয়ারম্যান রুহুল আমিন বলেন, “ছবিটি ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় তৈরি করা একটি সম্পূর্ণ এডিটেড ছবি, যা সেই সময়ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছিল। তখন আমি যেন নির্বাচনে জয়লাভ করতে না পারি, সেজন্য একটি গোষ্ঠী এই মিথ্যা প্রচারণা চালিয়েছিল। এখন আবার সেই একই ছবি নতুন করে বিভিন্ন নিউজ পোর্টালসহ ফেসবুক পেইজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা চলছে।”
তিনি আরও বলেন,
“এই ছবি যে কৃত্রিমভাবে তৈরি, সেটি একটু খেয়াল করলেই বোঝা যায়। এটি আমার রাজনৈতিক ও ব্যক্তিগত সুনামহানির জন্য একটি মাস্টার এডিটিংয়ের ফসল। যারা আমার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত, তারাই বারবার এই ধরনের অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণ সব বুঝে—সত্যের জয় হবে।”
এ সময় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
“আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করবো। যদি কোনো সত্যতা প্রমাণ হয়, আমি নিজ দায়িত্বে পদত্যাগ করব। তবে যারা বারবার ভুয়া ছবি দিয়ে সামাজিক বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
এদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী বলেন,
“বিষয়টি আমরা দেখছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এখনই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। যাচাই-বাছাই করে প্রয়োজন হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
চেয়ারম্যান রুহুল আমিন বলেন, তিনি একজন দায়বদ্ধ জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন মানুষের পাশে কাজ করে আসছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবা ও জনকল্যাণই তার মূল অঙ্গীকার। তিনি বলেন,
“একটি চক্র সামাজিক বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। আমি বিনোদপুর ইউনিয়নের জনগণকে অনুরোধ করব, আপনারা গুজবে কান দেবেন না। সত্য খুব শিগগিরই পরিষ্কার হয়ে যাবে।