
যশোরে শিশু ও নারীসহ একই পরিবারের তিনজনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। দগ্ধ তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অ্যাসিড ছোড়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এই হামলার ঘটনা ঘটে। দগ্ধরা হলেন ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), মেয়ে রিপা খাতুন (২৬) ও রিপার ভাই ইয়ানূর (৮)।
রিপা খাতুনের চাচা আব্দুর রহমান জানান, রিপা বছর চারেক আগে স্বামীর ঘর ছেড়ে আসে। এরপর থেকে বাবার বাড়িতেই থাকতেন তিনি। এরই মধ্যে মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জসিম জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারে। এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন এসিডে দগ্ধ হন। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক আহতদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ জানান, অ্যাসিডে শিশু ইয়ানূর রহমানের পাসহ বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া তার মা ও বোনের শরীর আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) অফিসার আবু সাঈদ জানান, ঘটনাটি শুনেছি। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।