
নোবিপ্রবি প্রবিনিধিঃ
বান্ধবীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে বুধবার (৩১ জানুয়ারি) বখাটেদের হামলায় গুরুতর আহত হয়েছিলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থী। উক্ত ঘটনায় পাঁচ জনকে আটক করেছে র্যাব। তাদের মধ্যে চার জনই তরুণ। অন্যজন তাদের নেতা।
বৃহস্পতিবার রাতে নোয়াখালীর মাইজদি হাউজিং এলাকা ও আশপাশ স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো- দলনেতা রাব্বি (২৮), রনি (২৪), অধির (১৮), শাওন (১৮) ও রাফসান (২০)।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী ছাত্র তার বান্ধবীদের নিয়ে মাইজদী হাউজিং এলাকায় মেস-বাসা ভাড়ার সন্ধানে বের হন। পথে তাঁদের পিছু নেয় কয়েকজন বখাটে। একপর্যায়ে বখাটেরা ছাত্রীদের উত্ত্যক্ত করলে প্রতিবাদ জানান শামীম। প্রতিবাদের জেরে ৬-৭ জনের সংঘবদ্ধ বখাটে দল নোবিপ্রবির ওই ছাত্রের ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতরভাবে আহত হন শামীম। সেখান থেকে তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শামীম আহমেদ। তিনি নোবিপ্রবির বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
র্যাব-১১ সিপিসি-৩ সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ জানান, আটকরা দীর্ঘ দিন থেকে মাইজদি ও তার আশপাশের এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ নানা অপরাধমূলক কাজ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দোষ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সুধারাম মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান গোলাম মোর্শেদ।