
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ই আগস্ট ২০২৫) সকাল ১১টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড দেশের সাংবাদিক সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। তাঁরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধনে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের নৃশংস হামলা মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য হুমকি। ভবিষ্যতে যেন আর কোনো সংবাদকর্মীকে প্রাণ দিতে না হয়, সেজন্য সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পরে, মানববন্ধনে অংশগ্রহণকারীরা এক মিনিট নীরবতা পালন করে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফেরাত কামনা করেন।