
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা ও সুতিয়া নদীর মোহনায় ত্রিমোহনী ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক কলেজছাত্রী।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নান্দুয়া সাঙ্গুন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ কলেজছাত্রী লামিয়া আফরোজ স্থানীয় নান্দুয়া সাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া একাই হেঁটে ব্রিজে এসে প্রায় ১০ মিনিট মাঝখানে দাঁড়িয়ে আশপাশে তাকিয়ে ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন। তাৎক্ষণিকভাবে কয়েকজন জেলে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তীব্র স্রোতের কারণে ব্যর্থ হন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক এ টি এম হাসান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে। নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, তবে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।