
গাজীপুরের পশ্চিম ধীরাশ্রম এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো— পশ্চিম ধীরাশ্রম এলাকার জাকির আলীর মেয়ে রাবেয়া আক্তার (৭) ও মিলন মিয়ার মেয়ে মার্জিনা আক্তার মোহনা (৮)। তারা দুজনই স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করতো।
সদর মেট্রো থানার এসআই মনির হোসেন বলেন, দুপুর দেড়টার দিকে মোহনা ও রাবেয়া পুকুরে গোসল করতে নামে। তাদের সঙ্গে থাকা অন্য এক শিশু আমেনা (৪) পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিল। এক পর্যায়ে দুজন শিশুই পানিতে ডুবে যায়।
তিনি আরও বলেন, পুকুরপাড়ে থাকা আমেনা চিৎকার করলে আশপাশের লোকজন এসে পুকুরে নেমে তাদের মরদেহ উদ্ধার করেন।
বিশেষ প্রতিনিধি: মোঃ আলমাস ইসলাম সাগর 



















