
সিরাজগঞ্জে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও দুজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন-সদর উপজেলার মো.আব্দুল আলিম, আবু বক্কার, মোজাম আলী ও আব্দুর রউফ। দুইবছর সাজাপ্রাপ্তরা হলেন-আব্দুল্লাহ ও মোস্তাফিজ হোসেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল হায়দার রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়,পূর্ব শত্রুতা ও গ্রামের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে ভুক্তভোগী আশরাফ আলীকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। এ সময় আশরাফের স্ত্রীসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ই সেপ্টেম্বর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলায় দীর্ঘ তদন্ত,স্বাক্ষ্য ও শুনানি শেষে আজ = বিচারক আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।