
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুল জলিল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ভূরুঙ্গামারী থানাধীন বাগভান্ডার সোনাতলী গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আজাহারুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামি মো. আব্দুল জলিলের বসতবাড়ির শয়নকক্ষ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তার বাড়ির পূর্ব ভিটা পশ্চিম দুয়ারী টিনের বেড়া ও টিনের ছাউনীযুক্ত শয়ন ঘরের ভেতরে কাঠের একটি শোকেজের নিচের ড্রয়ারে রাখা দুটি জিপারযুক্ত পলিথিন প্যাকেট থেকে লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি কালো রঙের জিপারযুক্ত প্যাকেটে ১৭০ পিস এবং অপর একটি গোলাপি রঙের জিপারযুক্ত প্যাকেটে ১০০ পিস ইয়াবা পাওয়া যায়। মোট উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ২৭০ পিস।
এ সময় ঘটনাস্থলেই মো. আব্দুল জলিলকে গ্রেফতার করা হয় এবং উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. আব্দুল জলিল (৪৮) মজিবর আলী শেখের ছেলে। তার মায়ের নাম মোছা. শান্তি বেগম। তিনি বাগভান্ডার সোনাতলী গ্রামের বাসিন্দা (ওয়ার্ড নং-০৩), ভূরুঙ্গামারী ইউনিয়ন, ভূরুঙ্গামারী থানা, কুড়িগ্রাম জেলা।
এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১০, তারিখ ১২/০১/২০২৬।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।