
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে কক্সবাজার জেলা জামায়াতের উদ্যোগে এক সংবাদ সম্মেলন ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে বক্তারা আমীরে জামায়াতের সফরকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং সফরসূচি ও কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। তারা বলেন, এ সফরের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দলীয় নেতা হিসেবে বাংলাদেশের প্রতিটি মহানগর ও জেলায় আমীরে জামায়াত সফর করছেন। সেই ধারাবাহিকতায় দলীয় ইশতেহার ঘোষণা, সাধারণ জনগণের সাথে মতবিনিময় ও জনসম্পৃক্ততাকে অগ্রাধিকার ভিত্তিতে তিনি কক্সবাজারে আগমন করছেন।”
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় পর্যটন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম ফারুক কায়সার,
এনসিপি জেলা আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, কক্সবাজার শহর নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল সহ ১১ দলীয় ঐক্যজোটের জেলা ও শহর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।