
বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আদিবা (৪) নামের এক শিশুকণ্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার চাঁপাপুর-চৌমুহনি সড়কের আড়াইল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিবা তার পরিবারের দ্বিতীয় সন্তান। জানা গেছে, বাবা-মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকচালক ব্রেক করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি—ট্রাকের সামনের চাকা আদিবার কোমরের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
ঘটনার পর ট্রাক ও চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।