
সুস্থ হয়ে বাড়ি ফেরার আশায় স্বামীর মোটরসাইকেলে চেপে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন লিলি কুন্ডু। কিন্তু সেই ফেরা আর হলো না। পথেই থেমে গেল তার জীবনের সব স্বপ্ন, সব অপেক্ষা।
খুলনার রূপসায় একটি লোকাল বাসের সজোর ধাক্কায় মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু ( ৪৯ ) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এ ঘটনায় তার স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার ( ৩ এপ্রিল ) দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা থানাধীন রূপসা ঘাট থেকে কুদিরবটতলার মধ্যবর্তী আমদাবাদ এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলার গোরম্বা গ্রামের অমর কুন্ডু তার স্ত্রী লিলি কুন্ডুকে খুলনার একটি আই হাসপাতালে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
চিকিৎসা শেষে স্বামী-স্ত্রীর সেই বাড়ি ফেরার পথই পরিণত হয় জীবনের শেষ যাত্রায়।
দুপুর সাড়ে ১২টার দিকে তারা খুলনা-মংলা মহাসড়কের আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫ নম্বরের একটি লোকাল বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চোখের সামনে স্ত্রীর এমন নির্মম মৃত্যু দেখে গুরুতর আহত হন স্বামী অমর কুন্ডু। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি পরিবারের স্বাভাবিক জীবনে মুহূর্তেই নেমে এসেছে অসহনীয় বেদনা। ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে ঘরে ফেরার যে আশায় তারা বেরিয়েছিলেন, সেই পথই হয়ে উঠল এক নারীর জীবনের শেষ ঠিকানা।
এ বিষয়ে রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও এর চালক সাগর ( ২৬ ) কে রূপসা থানাধীন কুদিরবটতলা এলাকা থেকে আটক করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।