
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার জন্য করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা ১৭ জুন ( বুধবার ) উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, খুলনার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম। তিনি বলে জন্ম ও মৃত্যু নিবন্ধন শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়, এটি একজন নাগরিকের রাষ্ট্রীয় পরিচয়ের ভিত্তি।
একটি শিশুর জন্মের পর নির্ধারিত সময়ের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর পর যথাসময়ে মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে। সঠিক ও হালনাগাদ নিবন্ধন তথ্য সরকারের পরিকল্পনা প্রণয়ন, জনসেবা প্রদান এবং জাতীয় তথ্যভাণ্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, নিবন্ধক, প্রশাসন ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। এসময় তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সেবার মানোন্নয়নে সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন রূপসা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, ইলিয়াজ হোসেন, জিয়াউল ইসলাম গাজী, মাসুম বিল্লাহ, ইউপি সদস্য ফিরোজ মাহমুদ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সৌমিক রায়, প্রদীপ কুমার সাহা, মোঃ শামীমুজ্জামান, শেখ আলমগীর হোসেন, মোঃ নাছির উদ্দীন প্রমুখ।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এসময় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের বিভিন্ন দিক, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সেবার গতি ও মান বৃদ্ধির লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।