
বগুড়া সদর থানার চাঞ্চল্যকর আতিকুর রহমান সাগর হত্যা মামলার এজাহারনামীয় ১০ নম্বর পলাতক আসামি মো. জাহিদ মন্ডলকে (১৯) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া ও র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহের যৌথ অভিযানে ঝিনাইদহ সদর থানার জোহান পার্ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহিদ মন্ডল বগুড়া সদর উপজেলার পাঁচবাড়ীয়া এলাকার মো. জিলহাজ মন্ডলের ছেলে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বশত্রুতার জের ধরে গত ২৩ জুলাই রাত আনুমানিক ২টার দিকে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী এলাকায় আতিকুর রহমান সাগরকে পথরোধ করে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৪ জুলাই বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে জাহিদ মন্ডল পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে জাহিদের অবস্থান ঝিনাইদহে নিশ্চিত হয়ে র্যাব-১২ ও র্যাব-৬ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অপরাধীদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।