
২৫৫ ভোট পেয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।
দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হলো। এর মধ্য দিয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৯১ সালের পর এবারই দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হলো।
ফলাফল ঘোষণার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যরাও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
এর আগে ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় ক্ষমতাসীন বিএনপি। পরে নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করে। একই নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন অধ্যায়ের সূচনা হলো। তাঁর শপথ গ্রহণের পর বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন তিনি।