
পাবনার ফরিদপুর উপজেলার দেওভোগ দহপাড়া খালের ওপর নির্মিত কোটি টাকার একটি ব্রিজ জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ১ কোটি ৬ লাখ ৩৮ হাজার ৯৫ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হলেও মূল ব্রিজের দুই পাশে কোনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে ব্রিজটি তৈরি হলেও সাধারণ মানুষের যাতায়াতের কোনো উপকারে আসছে না। প্রকল্পের মেয়াদ সংশোধন করে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও সংযোগ সড়কের কাজ শেষ হয়নি।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, দহপাড়া খালের পূর্ব পাশে দহপাড়া, দেওভোগ ও বাঙ্গাবাড়িয়া গ্রামসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয় অবস্থিত। অন্যদিকে পশ্চিম পাশে দহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন জনবসতি রয়েছে। গুরুত্বপূর্ণ এই পথে যাতায়াতের জন্য ব্রিজটি নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় স্থানীয়দের প্রতিদিন বাঁশের সাঁকো ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে কোমলমতি স্কুলগামী শিশুদের নিয়ে অভিভাবকরা প্রতিনিয়ত দুর্ঘটনার আতঙ্কে থাকছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল হামিদ জানান, ব্রিজটি নির্মাণের সময় এলাকাবাসী ভেবেছিলেন দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধান হবে। কিন্তু সংযোগ সড়ক না থাকায় উল্টো দুর্ভোগ আরও বেড়েছে। বিএলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রিপন বলেন, ব্রিজের দুই প্রান্তের সংযোগ সড়ক না থাকায় জনস্বার্থ ব্যাহত হচ্ছে। দ্রুত এই কাজ সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে ফরিদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিকুজ্জামান জানান, সংযোগ সড়ক নির্মাণের জন্য ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এরই মধ্যে কাজ শুরু হয়েছে। ঠিকাদারকে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।