
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে দায়ের হওয়া বহুল আলোচিত মামলা থেকে অবশেষে খালাস পেয়েছেন মাওলানা আব্দুর রহমান দিদারী। সাইবার ট্রাইব্যুনাল আদালত মামলাটির যাবতীয় আইনি কার্যক্রম বাতিল ঘোষণা করায় দীর্ঘদিনের আইনি হয়রানি ও মানসিক যন্ত্রণা থেকে সম্পূর্ণ অব্যাহতি পেলেন তিনি।
মামলা ও আদালতের নথিসূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৮ জুলাই ফেসবুকে পোস্ট করার অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ধুন্দার গ্রামের মাওলানা আব্দুর রহমান দিদারীকে গ্রেপ্তার করে শেরপুর থানা পুলিশ। পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫(২)/২৯(১)/৩১(২) ধারায় তাঁর বিরুদ্ধে শেরপুর থানায় একটি মামলা (মামলা নং-৪১) দায়ের করা হয়, যা পরবর্তীতে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে (মামলা নং-২৩/২২) স্থানান্তরিত হয়।
আইনি প্রক্রিয়ার একপর্যায়ে আদালত তাঁকে ৭ দিনের রিমান্ডে পাঠায় এবং পরবর্তীতে মামলাটিতে ৪ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশও প্রদান করা হয়। এই মিথ্যা ও নিপীড়নমূলক মামলার কারণে মাওলানা দিদারীকে দীর্ঘ ২২ মাস কারাবাস ভোগ করতে হয়েছিল।
সম্প্রতি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর ৫০(৪ক) ধারার বিধান অনুযায়ী রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত মামলাটির কার্যক্রম সম্পূর্ণ বাতিলের আদেশ দেন। আদালতের আদেশের পর আসামির বিরুদ্ধে ইস্যুকৃত গ্রেপ্তারি পরোয়ানা (W/A) ফেরত পাঠানোর জন্য বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও দিদারীর পরিবার। নিরপরাধ প্রমাণিত হয়ে দীর্ঘদিনের অন্যায় আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।