
জয়পুরহাটে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্ত্রী এবং অনলাইনে জুয়া খেলার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় স্বামীর কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট পৌরসভার পূর্ব ধানমন্ডি গ্রামের মোছা. রিনা আক্তার (২২) ও তার স্বামী মো. পাপ্পু (৩৬)।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পূর্ব ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য উদ্ধার ও অনলাইন জুয়া বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এ সময় পাপ্পুর বসতবাড়ির সামনে থেকে মাদক বিক্রির অভিযোগে রিনা আক্তারকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
অন্যদিকে, একই অভিযানে অনলাইনে জুয়া খেলার অভিযোগে রিনা আক্তারের স্বামী পাপ্পুকে আটক করা হয়। তার কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
অভিযানে ডিবির এসআই মো. শাখাওয়াত হোসেন, এসআই মো. আব্দুল্লাহ আল নোমান, এএসআই মো. সাজেদুর রহমান, এএসআই মো. আসাদুজ্জামান, এএসআই মো. সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজ অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে পৃথক আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।