
বগুড়া জেলার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে (ঢাকুইর গ্রাম) পরিবর্তনের বার্তা নিয়ে মাঠে নেমেছেন রাজপথের সাবেক ছাত্রনেতা ও সাবেক পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: হারুন অর রশিদ। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ওয়ার্ডবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নে তিনি কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
দীর্ঘদিন ধরে এলাকার তরুণসমাজ ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই তরুণ রাজনৈতিক মুখ ইতোমধ্যেই ওয়ার্ডের ঘরে ঘরে গণসংযোগ এবং সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন। অবহেলিত ঢাকুইর গ্রামসহ পুরো ৫ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং মাদকমুক্ত মডেল ওয়ার্ডে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য।
তরুণ নেতৃত্বের বিষয়ে মো: হারুন অর রশিদ বলেন, “তরুণরাই আগামীর ভবিষ্যৎ। আজ সময় এসেছে তরুণদের হাতে নেতৃত্ব সোপর্দ করার, যেন তারা মেধা, সাহস ও সততা দিয়ে সমাজের উন্নয়ন ঘটাতে পারে। ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটাররা যদি আমাকে সেবার সুযোগ দেন, তবে উন্নয়নকাজে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করব।”
স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের মতে, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং রাজপথের ত্যাগী তরুণ এই নেতার প্রার্থিতার ঘোষণায় ঢাকুইর গ্রামসহ পুরো ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে নতুন আশার আলো সঞ্চারিত হয়েছে।